নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম
প্রশাসনিক বিধিমালা ও সংবিধান নিয়ে সরকারি কর্মকর্তাদের সরাসরি পরীক্ষা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
রোববার (১৯ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।
বৈঠকে আলোচনা চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পসংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক বিধিমালা ও আইন-কানুন নিয়ে উপদেষ্টাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে উপদেষ্টা তিতুমীর বলেন, সরকারি কর্মকর্তারা অনেক পড়াশোনা করেছেন, প্রশাসনিক বিধিমালা তারা ভালোভাবেই জানেন। তবে আমরাও সংবিধান, প্রশাসনিক বিধিমালা এবং দপ্তর বণ্টন নীতিমালা সম্পর্কে অবগত।
তিনি আরও বলেন, এখানে উপস্থিত ৬৫ জন কর্মকর্তা আছেন, চলেন সবাই পরীক্ষা দিই। কে কতটা জানেন, তা তখনই বোঝা যাবে। এভাবে তিনি কর্মকর্তাদের দক্ষতা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন।
বৈঠকে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন উপদেষ্টা তিতুমীর। তিনি বলেন, এখন থেকে নির্বাচনি ইশতেহারের বাইরে কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বৈঠকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএইচ/এএস