নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৬, ১০:২৭ এএম
দেশে জ্বালানির চরম সংকটের মধ্যে প্রতিবেশী ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল দেশে এসেছে। এ নিয়ে চলতি মাসে দুই দফায় ভারত থেকে মোট ১৩ হাজার টন ডিজেল এসেছে। এছাড়া এপ্রিলে ভারত থেকে আরও ১২ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি করবে সরকার।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম জানান, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছেছে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে ডিজেল সরবরাহের পাম্পিং কার্যক্রম শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের জ্বালানি চাহিদা মেটাতে চলতি এপ্রিলে ভারত থেকে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের। ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে চার ধাপে এই তেল আসার কথা। আমদানির প্রথম চালানে ৮ হাজার টন ডিজেল এসেছিল গত ১১ এপ্রিল। ওই চালানের পাম্পিং শুরু হয়েছিল ৭ এপ্রিল মধ্যরাতে। এরপর গত ১৬ এপ্রিল সন্ধ্যায় দ্বিতীয় চালানের ৫ হাজার টন তেলের পাম্পিং শুরু হয়; যা গতকাল সন্ধ্যা পৌনে ৬টায় ডিপোতে এসে পৌঁছেছে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, এপ্রিল মাসের নির্ধারিত ২৫ হাজার টন ডিজেলের মধ্যে এখন পর্যন্ত ১৩ হাজার টন পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছেছে। বাকি ১২ হাজার টনও দ্রুত দুই দফায় চলে আসবে। এর মধ্যে শিগগির ৭ হাজার টনের একটি চালানের পাম্পিং শুরু হবে।
জ্বালানি তেলের বাজার স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের পাশাপাশি ভারত থেকেও ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। ২০২৩ সালের মার্চ মাসে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি শুরু হয়। এই পাইপলাইনের মাধ্যমে ১৫ বছর ভারত থেকে ডিজেল আসবে।
এদিকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে নতুন দাম কার্যকর করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, অকটেন ১২০ থেকে বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ থেকে বেড়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ থেকে বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ডিজেল লিটারপ্রতি ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিন ১৮ টাকা বেশি দামে কিনতে হবে ভোক্তাদের।
জেবি