নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৯ এএম
হজ ও ওমরাহ পালনে সৌদি আরবে গমনকারী হাজিদের জন্য নুসুক কার্ড আবশ্যক বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (১৯ এপ্রিল) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মক্কার মসজিদে হারাম ও অন্যান্য পবিত্র স্থানে প্রবেশের পূর্বশর্ত হলো এই কার্ড।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
হাজিদের উদ্দেশে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নুসুক কার্ড সবসময় সঙ্গে রাখতে হবে। এটি ছাড়া পবিত্র স্থানসমূহে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
আগামী হজ মৌসুমকে সামনে রেখে এই সতর্কতা জারি করা হয়েছে। সরকারি-বেসরকারি টেলিভিশন ও ইলেকট্রনিক মিডিয়ায় স্ক্রলে প্রচারের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নুসুক কার্ড সৌদি সরকারের ডিজিটাল প্ল্যাটফর্মের অংশ, যা হাজি ও ওমরাহ যাত্রীদের পরিচয় ও অনুমতিপত্র হিসেবে কাজ করে। এই কার্ডের মাধ্যমে পবিত্র স্থানে প্রবেশ ও যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়।
এর আগে, শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি অবতরণ করে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে। এ ফ্লাইটে হজযাত্রী ছিলেন ৪১৯ জন।
বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম।হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়।
এ সময় অন্যদের মধ্যে জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি ও হাজিদের অভ্যর্থনায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন উপস্থিত ছিলেন।
এমআই