images

জাতীয়

মণিপুরে বাসায় ডাকাতি, যৌথ অভিযানে গ্রেফতার ৫

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ এএম

যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদ্‌ঘাটনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতাররা হলেন- মাসুদ মিয়া (৩১), ইমরান হাওলাদার (২৯), সুমন (৩৯), আনিছুর রহমান ওরফে নবী হোসেন (৪৫) ও সজীব (৩২) ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুর মডেল থানা এলাকা, আশুলিয়ার জিরাবো এলাকা এবং সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা ও ডিবি (সাইবার দক্ষিণ) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

ডিবি ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার মিরপুরের দক্ষিণ মনিপুর এলাকার একটি বাসায় এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা বাসায় প্রবেশ করে বাসিন্দাদের মারধর করে হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি ডাকাতি মামলা হয়।

পরে থানা পুলিশ ও ডিবি (সাইবার দক্ষিণ) যৌথভাবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গ্রাউন্ড সোর্সিং এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে আসামিদের অবস্থান শনাক্ত করেন। বৃহস্পতিবার মিরপুর, আশুলিয়ার জিরাবো এলাকা এবং সাভারের মুশুরীখোলা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

ডিবি ও থানা সূত্রে আরও জানা যায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। গ্রেফতার মাসুদ মিয়া মিরপুর এলাকায় এই ডাকাতির পরিকল্পনা করে অন্যদের জানায়। পরবর্তীতে তারা কাজীপাড়া বাসস্ট্যান্ডের বড় মসজিদের সামনে সমবেত হয়ে ডাকাতির উদ্দেশ্যে বাসায় প্রবেশ করে।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

এমআইকে/এএস