নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম
সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা দুই জেলেকে উদ্ধার করা হয়েছে। অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
আটক তরিকুল খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ দয়াল বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায়, ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর অংশ হিসেবে সুন্দরবনের বিভিন্ন স্থানে আলাদা দুটি অভিযান হয়। এসব অভিযানে দুর্ধর্ষ ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা একটি মাছ ধরার নৌকাসহ দুজন জেলেকে জীবিত উদ্ধার করা হয় এবং অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত দয়াল বাহিনীর একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
গত ১৫ এপ্রিল মোংলা থানাধীন জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন জায়গায় মাছ ধরতে গিয়ে দুই জেলে বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত হয়। ডাকাতরা তাদের জিম্মি রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালায়।
পরবর্তীতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে জিম্মিদের অবস্থান নিশ্চিত করা হলে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক মুর্তি খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান হয়। অভিযান চলাকালে একটি কাঠের নৌকাসহ দুজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শ্যামনগর থানাধীন হোগলডরা খাল সংলগ্ন এলাকায় কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর অবস্থান শনাক্ত হয়। শুক্রবার ভোর সকাল ৬টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী একটি বিশেষ অভিযান চালায়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আভিযানিক দল ডাকাতদের ধাওয়া করে দুটি একনলা বন্দুক, নয়টি তাজা কার্তুজসহ দয়াল বাহিনীর একজনকে আটক করে।
আটক ডাকাত, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একেএস/ক.ম