জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম
ঢাকা মেইলের চিফ রিপোর্টার বোরহান উদ্দিনের বাবা এ বি এম আতহার আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল আটটার দিকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক ও সাবেক নিকাহ রেজিস্ট্রার ছিলেন।
এ বি এম আতহার আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
ডিআরইউর সাবেক তথ্য, প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দিনের বাবার মৃত্যুতে শোক জানিয়ে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
এদিকে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজএর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ সমবেদনা হয়েছে। সংগঠনের সভাপতি মাহবুব সৈকত ও সাধারণ সম্পাদক সানবীর রুপল শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
এছাড়াও বোরহান উদ্দিনের বাবার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।
শোক ও সমবেদনা জানিয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। সংগঠনের সভাপতি কাজী জেবেল স্বাক্ষরিত বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। এদিকে শিপিং রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি সংগঠনের সদস্য বোরহান উদ্দিনের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
এছাড়াও নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, হেলথ জার্নালিস্ট বাংলাদেশ, ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরাম, ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা জার্নালিস্ট ফোরাম বোরহান উদ্দিনের বাবার মৃত্যুতে পৃথক বার্তায় শোক প্রকাশ করেছে।
বোরহান উদ্দিনের বাবার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা মেইলের সম্পাদক নজরুল ইসলাম এবং নির্বাহী সম্পাদক হারুন জামিল। তারা মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সহকর্মীর বাবার মৃত্যুতে ঢাকা মেইলের কর্মীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। তারা মরহুমের মাগফিরাত কামনা করেন।
ক্লোন ক্যানসার শনাক্ত হওয়ার পর গত ২ এপ্রিল ধানমন্ডিতর প্রফেসর ফজলুল হক কলোরেক্টল হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। আট দিন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয় এ, বি, এম, আতহার আলীকে।
দুই দিন হাসপাতালটিতে রাখার পর ১১ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে রাখা হয়। গত সোমবার সকালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে না ফেরার দেশে চলে যান তিনি।
মির্জাগঞ্জে ‘কাজী হুজুর’ নামে পরিচিত আতহার আলী শিক্ষক থাকাকালীন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
ক.ম/