images

জাতীয়

ডিবি পুলিশ পরিচয়ে ১০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল ২০২৬, ০১:০৮ পিএম

ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক নারীর কাছ থেকে ১০ লাখ টাকা আত্মসাৎ করার চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএমপি মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তি- মো. জাবেদ হোসেন। তাকে রাজধানীর কোতোয়ালি থানাধীন জনসন রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী বিল্লাল হোসেন মোল্লা একটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। গত ৫ এপ্রিল সকালে তাদের বাসার ড্রাইভার রফির মোবাইলে অজ্ঞাত এক ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে যোগাযোগ করে। পরে ভুক্তভোগী ওই নম্বরে ফোন করলে প্রতারকরা নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে জানায়, তার স্বামীকে রিমান্ডে নিয়ে মারধর করা হচ্ছে। তাকে ছেড়ে দেওয়ার জন্য ১০ লাখ টাকা দাবি করে চক্রটি।

ভুক্তভোগীর বিশ্বাস অর্জনের জন্য প্রতারক চক্রটি তার স্বামীর কান্নাজড়িত কণ্ঠ ফোনে শোনায়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং দ্রুত আত্মীয়স্বজনের কাছ থেকে ১০ লাখ টাকা সংগ্রহ করেন।

প্রতারকদের নির্দেশনা অনুযায়ী তিনি মালিবাগ মোড়ে সিআইডি কার্যালয়ের সামনে যান এবং পরে এসএ পরিবহনের মাধ্যমে ‘লুৎফর জামান’ নামে যাত্রাবাড়ী শাখার ঠিকানায় ১০ লাখ টাকা মানি পার্সেল করেন। টাকা পাঠানোর পর প্রতারকরা তাকে কাশিমপুর কারাগারে গিয়ে স্বামী ছাড়িয়ে নেওয়ার কথা বলে। কিন্তু উত্তরা পৌঁছানোর পর প্রতারকদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেলে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং ডিবিতে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে ডিবির ওয়ারী বিভাগের একটি দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার তদন্ত শুরু করে। পরে জাবেদ হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎একেএস/এমআই