নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পিএম
দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকারি বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে বড় ধরনের পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে মন্ত্রণালয় ও বিভাগের নানা কার্যক্রমে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সশরীরে উপস্থিত না হয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হতে বলা হয়েছে। যানবাহনের জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশনামূলক চিঠি সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠিয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তেলের অপচয় কমানোর পাশাপাশি সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন: জ্বালানি সংকটে ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
এই লক্ষ্য অর্জনে বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তারা এবং জেলা পর্যায়ের অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের কর্মকর্তারা সশরীরে উপস্থিত না থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করবেন—এটি নিশ্চিত করতে বলা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, একান্ত প্রয়োজন ছাড়া কোনো সভা সশরীরে আয়োজন করা যাবে না। বিশেষ করে যানবাহনের জ্বালানি সাশ্রয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
এআর