images

জাতীয়

কারাগারে বন্দিদের পহেলা বৈশাখ উদযাপন, পোলাও-মাংস-পানীয় পরিবেশন

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পিএম

দেশের কয়েকটি কারাগারে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে পোলাও, মুরগির রোস্ট ও কোমল পানীয় পরিবেশন করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) জান্নাত উল ফরহাদ।

তিনি জানান, আজ পহেলা বৈশাখ উপলক্ষে ঠাকুরগাঁও জেলা কারাগারের বন্দীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। সকালে পান্তা ভাত, ইলিশ মাছ, আলু ভর্তা, কাঁচা মরিচ, পেঁয়াজ এবং দুপুরে পোলাও, মুরগির রোস্ট, ডিম, বুটের ডাল, মিষ্টি, কোমল পানীয়, সালাদ, পান-সুপারি পরিবেশন করা হয়। রাতে সাদা ভাত, রুই মাছ ভাজি ও আলুর দম পরিবেশন করা হয়।

তিনি আরও জানান, কারাগারগুলোতে সকাল থেকে পহেলা বৈশাখ উপলক্ষে নানা আয়োজন করা হয়। কারাবন্দীরা উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে দিনটি উদযাপন করেন। তারা তিন বেলার খাবারের মেনুতে সুস্বাদু ও প্রিয় খাবার পেয়ে মহাখুশি।

এছাড়াও নীলফামারী কারাগার, ভোলা জেলা কারাগার ও জামালপুর কারাগারে এ আয়োজন করা হয়। কারাগারগুলোতে ভালো খাবার পরিবেশনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয়দের পাশাপাশি কারাবন্দীদের মধ্য থেকে শিল্পীরাও অনুষ্ঠানে গান পরিবেশন করেন। পরে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এমআইকে/এআর