images

জাতীয়

মোহাম্মদপুরে মাইক্রোবাসের এসির গ্যাস লিকেজে দগ্ধ ২

নিজস্ব প্রতিবেদক

১৪ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের বেরিবাঁধ এলাকায় মাইক্রোবাসের এসির গ্যাস লিকেজ থেকে আগুন লেগে আবুল হোসেন ও মো. বাশার নামে দুজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া দুইটার দিকে দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।  

জানা গেছে, দগ্ধ আবুল হোসেনের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ধলপা গ্রামে। বর্তমানে পরিবারের সঙ্গে শ্যামলীর আদাবর এলাকায় বসবাস করেন তিনি। তার বাবার নাম মৃত তারা মিয়া। অপর আহত বাশারের বাড়ি হবিগঞ্জে; বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার পল্লবীতে বসবাস করেন। আহত আবুল হোসেন পেশায় গাড়িচালক এবং বাশার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন বলে জানিয়েছেন স্বজনরা।  

আহত আবুল হোসেনের স্ত্রী জেসমিন জানান, মাইক্রোবাস নিয়ে মোহাম্মদপুরের বেড়িবাঁধ পার হওয়ার সময় এসির গ্যাস লিকেজ ছিল যা তারা বুঝতে পারেননি। পরে সিগারেট ধরানোর সময় এই দুর্ঘটনাটি ঘটে। স্বজনরা খবর পেয়ে দ্রুত তাদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ। তিনি জানান, আবুল হোসেনের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে এবং অপরজন সামান্য আহত হয়েছেন। বর্তমানে তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

/এএস