images

জাতীয়

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে আমরা বদ্ধপরিকর: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, নগরবাসীর জীবনমান উন্নয়নে মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন। পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে আমরা বদ্ধপরিকর।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর আহসান মঞ্জিল প্রাঙ্গণে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ডিএসসিসি প্রশাসক বলেন, নতুন প্রজন্মের কাছে ঢাকার গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিহাসের শেকড়ের সঙ্গে বর্তমান প্রজন্মের সংযোগ স্থাপন করা গেলে বাঙালি সংস্কৃতি আরও সমৃদ্ধ ও বিকশিত হবে।

সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ডিএসসিসির কার্যক্রম মূলত ২৪ ঘণ্টার সেবাভিত্তিক। বর্তমান সরকারের গতিশীলতা ও জনসেবার চাপের কারণে অনেক সময় সাপ্তাহিক ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হচ্ছে। জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সকলকে মাঠপর্যায়ে সার্বক্ষণিক সক্রিয় থাকতে হবে। পাশাপাশি সরকারের নির্দেশনা ও সেবামুখী মনোভাবের আলোকে দ্রুত ও কার্যকর সেবা প্রদানে ডিএসসিসি বদ্ধপরিকর।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, আগামী দিনে মশক নিয়ন্ত্রণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা হবে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ আয়োজন দুপুর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। অনুষ্ঠানে ডিএসসিসি পরিচালিত ১২টি সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সংগীত ও নৃত্য পরিবেশন করে। লোকজ সংস্কৃতি ও আধুনিকতার মেলবন্ধনে পুরো আয়োজনটি এক প্রাণবন্ত উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।

এএইচ/এএস