নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পিএম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার (১৩ এপ্রিল) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগ জোরদারের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে ভারত-বাংলাদেশ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, সংযোগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে ওঠে। সে সময় ভারত সরকার সর্বতোভাবে বাংলাদেশকে সহায়তা করে। ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সভাপতি পদে মনোনয়নে ভারত সরকারের সমর্থন সহযোগিতাপূর্ণ ও উদার দৃষ্টিভঙ্গির প্রকাশ।
তিনি বলেন, বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত। সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। সংসদীয় সম্পর্ক জোরদারে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সেতুবন্ধনে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে যাবে।
এ সময় হাইকমিশনার স্পিকার পদে নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান এবং ভারত সরকারের পক্ষ থেকে সংবর্ধনা স্মারক উপহার দেন।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএইচ/এআর