নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৬, ০২:১৬ পিএম
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে। এর প্রভাব পড়েছে বাংলাদেশসহ সারা বিশ্বে। এই অবস্থায় প্রায় দেড় মাস আগে ক্ষমতা গ্রহণ করা বিএনপি সরকার রীতিমতো হিমশিম খাচ্ছে। পরিস্থিতি সামলাতে এবার সরকার নয়টি ক্ষেত্রে পরিচালন ব্যয় কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারের পরিচালন ব্যয় কমাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত-
১. সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে।
২. সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ দেওয়া এবং সরকারি অর্থায়নে সব বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে।
৩. প্রশিক্ষণ ব্যয় ছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে।
৪. সভা/সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ এবং সেমিনার/কনফারেন্স ব্যয় ২০ শতাংশ কমাতে হবে।
৫. ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমাতে হবে।
৬. সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার ক্রয় শতভাগ কমাতে হবে।
৭. সরকারি কার্যালয়ে জ্বালানি/বিদ্যুৎ/গ্যাস ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে।
৮. আবাসিক ভবন শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবন শোভাবর্ধন ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে।
৯. ভূমি অধিগ্রহণ ব্যয় শতভাগ কমাতে হবে।
এর আগে গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে ব্যয় সঙ্কোচনের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক এবার পরিপত্র জারি হলো।
জেবি