images

জাতীয়

রাজধানীতে ট্রাফিক সিগন্যাল অমান্য করলে সিসিটিভি দেখে মামলা

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পিএম

রাজধানীর গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে ট্রাফিক সিগন্যাল লাইটের সংকেত অনুসরণ করতে যানবাহন ও পথচারীদের জন্য গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কেউ তা অমান্য করলে সিসিটিভি দেখে পথচারী ও যানবাহনের বিরুদ্ধে মামলাসহ ব্যবস্থা নেওয়া হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোববার (১২ এপ্রিল) এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যকর ও আধুনিক সিগন্যাল ব্যবস্থাপনা ও সড়কে যানচলাচলের শৃঙ্খলা বৃদ্ধির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাজধানীর গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোকে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সমন্বয় করে মহানগরের নিম্নবর্ণিত ক্রসিংগুলোতে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে।

যেসব এলাকায় ট্রাফিক সিগনাল লাইট স্থাপন করা হয়েছে,
ক) হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং
খ) বাংলামোটর ক্রসিং
গ) হোটেল সোনারগাঁও ক্রসিং
ঘ) ফার্মগেইট পুলিশ বক্স ক্রসিং
ঙ) বিজয় সরণি ক্রসিং
চ) মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ক্রসিং
ছ) জাহাঙ্গীর গেট ক্রসিং
জ) গুলশান-২ ক্রসিং
ঝ) গুলশান-১ ক্রসিং

এছাড়াও ডিএমপির উদ্যোগে নিম্নবর্ণিত ক্রসিংগুলোতে অস্থায়ীভাবে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে:
ক) মানিক মিয়া এভিনিউ পশ্চিম প্রান্ত/আড়ং ক্রসিং
খ) খেজুর বাগান ক্রসিং
গ) জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং
ঘ) মাজার রোড ক্রসিং
ঙ) আবুল হোটেল ক্রসিং
চ) মৌচাক ক্রসিং
ছ) রায় সাহেব বাজার মোড় ক্রসিং এবং
জ) লাভ রোড ক্রসিং (রাতের জন্য)

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আরও ৬টি ক্রসিংয়ে (হাইকোর্ট ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, মৎস্যভবন ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং ও শাহবাগ ক্রসিং) ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করেছে, যেগুলো শিগগিরই চালু হবে। পর্যায়ক্রমে উভয় সিটি কর্পোরেশন এবং ডিএমপি কর্তৃক আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করা হবে।

এছাড়াও পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের উদ্দেশ্যে ডিএমপি কর্তৃক রাজধানীর নিম্নবর্ণিত গুরুত্বপূর্ণ সড়কের জেব্রা ক্রসিংয়ে সেইফ পেডেস্ট্রিয়ান সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে:

ক) পুরাতন রমনা থানা ক্রসিং (শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি)
খ) রমনা পার্কের অরুণিমা গেটের সম্মুখে (হেয়ার রোড)
গ) মিরপুর কলেজ/ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সম্মুখে (মিরপুর রোড)
ঘ) গাবতলী পুলিশ বক্সের সম্মুখে (আমিনবাজার ব্রিজের পূর্বে)
ঙ) রামপুরা ট্রাফিক পুলিশ বক্স ক্রসিং (প্রগতি সরণি) এবং
চ) কোহিনুর কেমিক্যাল কোম্পানির সম্মুখে (শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি)

পাশাপাশি যানবাহন চালকদের জন্য বিশেষ নির্দেশনা:

ট্রাফিক সিগন্যাল লাইট মেনে চলা, লাল বাতি লঙ্ঘন না করা ও হলুদ বাতি মেনে চলা, স্টপ লাইন মেনে চলা, উল্টো পথে গাড়ি না চালানো, বাম লেনে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা, মোড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা।

এছাড়াও সড়ক ব্যবহারকারী পথচারীদের জন্য বিশেষ নির্দেশনা: পথচারীরা ফুটওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পারাপার করবেন এবং পেডেস্ট্রিয়ান সিগন্যাল লাইট আছে এমন স্থানে শুধুমাত্র সবুজ বাতিতে রাস্তা পারাপার করবেন।

এমতাবস্থায় ঢাকা মহানগরে চলাচলকারী সব যানবাহনের চালককে উল্লিখিত ক্রসিংগুলোতে চলাচলের সময় ট্রাফিক সিগন্যাল অনুসরণ অর্থাৎ লাল বাতির সংকেত থাকা অবস্থায় স্টপ লাইনে যানবাহন থামানো এবং সবুজ বাতির সংকেতে যানবাহন চলাচল করার জন্য অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে পথচারীদের ফুটওভারব্রিজ, আন্ডারপাস ও জেব্রা ক্রসিং ব্যবহার করে এবং যেসব জেব্রা ক্রসিংয়ে সেইফ পেডেস্ট্রিয়ান সিগন্যাল লাইট রয়েছে, সেখানে সিগন্যালের সংকেত মেনে সবুজ বাতিতে রাস্তা পারাপার হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ উল্লিখিত ক্রসিংগুলোর সিগন্যাল বাতির পোলগুলোতে উন্নত মানের সিসি ক্যামেরা স্থাপন করছে। এসব ক্যামেরা ব্যবহার করে ক্রসিংয়ে লাল বাতির সংকেত অমান্য, উল্টো পথে গাড়ি চালানো, ক্রসিংয়ে যাত্রী ওঠানামা করানো, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, বাম লেন আটকে রাখা, জেব্রা ক্রসিং বা ফুটওভারব্রিজ ব্যতীত পথচারী পারাপার ইত্যাদির বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ডিজিটাল মামলা শিগগিরই দায়ের করা হবে।

একেএস/এআর