নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পিএম
শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের উপনির্বাচনে নির্বাচিত নতুন দুই সংসদ সদস্য। তারা হলেন- বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে জয়ী বিএনপির মাহমুদুল হক রুবেল।
রোববার (১২ এপ্রিল) জাতীয় সংসদে আয়োজিত অনুষ্ঠানে তাদের শপথ পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শপথের পর দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন এবং স্পিকারের সঙ্গে করমর্দন করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নুরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ মিয়া নুরুউদ্দিন আহম্মেদ অপু এবং এবিএম আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব গোলাম সরওয়ার ভূঁইয়া।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছিল। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
পরবর্তীতে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে বিজয়ী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। গত ৯ এপ্রিল স্থগিত থাকা শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
গতকাল বিজয়ী দুই সদস্য মাহমুদুল হক রুবেল এবং রেজাউল করীম বাদশা এর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পাঁচ দিন পর গত ১৭ ফেব্রুয়ারি ২৯৭ আসনের বিজয়ী এমপিরা শপথ গ্রহণ করেন। বিগত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় নতুন সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
সব মিলিয়ে এখন পর্যন্ত ২৯৮ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। বাকি চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল গণনা সম্পন্ন হলেও আদালতের নির্দেশনার কারণে তা ঘোষণা করা হয়নি। প্রার্থিতা নিয়ে মামলার নিষ্পত্তির পর সেই ফল ঘোষণা করা হবে।
এমআর