নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পিএম
সিনেমার পর এবার পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি মঞ্চে গিয়ে শিশুতোষ নাটক দেখে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাটকটির নাম ‘কবি চিতাবাঘ’।
শনিবার (১১ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে সহধর্মিণী জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বেইলি রোডের মহিলা সমিতির মঞ্চে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
রুমন জানান, প্রধানমন্ত্রী নাটক দেখতে যাওয়ার খবর শুনে মহিলা সমিতি মিলনায়তনে শিশু দর্শক ও অভিভাবকদের মধ্যে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী ও তার পরিবার যখন মঞ্চে ওঠেন, তখন পুরো মিলনায়তনে দর্শকরা তুমুল করতালি দিয়ে তাদের অভিনন্দন জানায়।

তিনি জানান, বিনোদনের জন্য নয়; প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা মূলত শিশু শিল্পীদের উৎসাহ দিতেই নাটকটি দেখেছেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী শিশু শিল্পীদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন।
এদিন প্রধানমন্ত্রীকে হঠাৎ বেইলি রোডের মহিলা সমিতির মিলনায়তনে দেখে নাটকের শিশু শিল্পীরা খুশিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে। পরে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ও কন্যা তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সরকারপ্রধানের একেবারে হঠাৎ করে এভাবে আগমনে শিশু শিল্পীসহ দর্শকরাও হতচকিত হয়ে পড়েন। অনেকে একেবারে কাছ থেকে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দেখতে পেয়ে খুশিতে মনের আনন্দ প্রকাশ করেন।
এর আগে সম্প্রতি রাজধানীর সীমান্ত স্কয়ারে গিয়ে একটি ইংলিশ সিনেমা দেখে আসেন প্রধানমন্ত্রী। সে সময় তার সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।
এএইচ