images

জাতীয়

আদাবরে অনলাইনে শার্ট অর্ডার করে ডেলিভারি বয়ের সর্বস্ব লুট

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পিএম

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ভয়াবহ দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর একটিতে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পাঠাও ডেলিভারি বয়ের কয়েক হাজার টাকা, মোবাইল ফোনসহ সবকিছু নিয়ে গেছে সন্ত্রাসীরা।

‎শনিবার (১১ এপ্রিল) দুটি ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

‎স্থানীয়রা জানায়, শনিবার (১১ এপ্রিল) বিকেলে আদাবরের শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন রমজানুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি পাঠাও ডেলিভারি বয় হিসেবে কাজ করেন। 

শনিবার বিকেলে রমজানুল আদাবরের শ্যামলী হাউজিংয়ের দ্বিতীয় প্রকল্প এলাকায় একটি টি-শার্ট ডেলিভারি দিতে এলে ৮-১০ জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। এরপর দেশীয় ধারালো অস্ত্র সামুরাই দিয়ে আঘাত করে নগদ ৭০ হাজার টাকার বেশি ও মোবাইল ফোনসহ সব কেড়ে নেয়। প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও কেউ তাকে বাঁসাহায্য করতে এগিয়ে আসেনি বলে অভিযোগ করেন রমজানুল। 

এই ভুক্তভোগী বলেন, আমি বিকেলের দিকে শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্পে একটা টি-শার্ট ডেলিভারি দিতে আসি। আসার পর যারা শার্ট অর্ডার করেছিল, তারা ৮-১০ জনের একটি দল আমাকে ঘিরে ধরে। এসময় আমাকে সামুরাইয়ের উল্টা পাশ দিয়ে আঘাত করে আমার থেকে টাকা আর মোবাইল ফোন নিয়ে যেতে চায়। আমি তখন চিৎকার দিই। আশপাশের দোকানে এবং রাস্তায় অনেক মানুষ ছিল। কিন্তু কেউ আমাকে বাঁচাতে আসেনি। ওই সময় ছিনতাইকারীরা আমার থেকে ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে চলে যায়। আমি একজনের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ আসে।

রমজানুল আহাজারি করে বলেন, আমি ডেলিভারি বয়ের কাজ করে যা ইনকাম করি, তা দিয়ে আমাদের সংসার চলে। ছিনতাইকারীরা আমাকে নিঃস্ব করে দিয়ে গেল।

1aa_copy
ছিনতাই ও মারধরের শিকার আরেক ভুক্তভোগী মো. রিপন মিয়া

অন্যদিকে মো. রিপন নামে এক ভুক্তভোগী গত বুধবার (৮ এপ্রিল) রাতে মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকায় ছিনতাইয়ের শিকার হন। এসময় তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এ ঘটনায় তিনি হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার (১১ এপ্রিল) মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

‎রিপন জানান, আমি একতা হাউজিং নদীর পাড় দিয়ে হাটছিলাম। হঠাৎ দুই-তিনজন ছিনতাইকারী এসে প্রথমে আমার পায়ে সামুরাই দিয়ে কোপ দেয়। এরপর আমি পড়ে গেলে আরও ৫-৬ জন এসে আমাকে ঘিরে ধরে কুপিয়ে আহত করে এবং আমার মোবাইল ফোন, টাকাসহ জরুরি সবকিছু নিয়ে যায়। ঘটনার পর আমি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে দুই দিন পর আজকে (শনিবার) মোহাম্মদপুর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছি।

‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, একটা ছিনতাইয়ের ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। ওইটা নিয়ে পুলিশ কাজ করছে। পাঠাও ডেলিভারি বয় ছিনতাইয়ের ঘটনায় এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‎একেএস/এএইচ