নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের ঋণখেলাপ সংক্রান্ত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মনোনয়নপত্র বাছাইয়ের পূর্বে সংশ্লিষ্ট প্রার্থীদের ঋণ পরিস্থিতি যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে তথ্য সরবরাহের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে ইতোমধ্যে চিঠি দিয়েছে সংস্থাটি।
শনিবার (১১ এপ্রিল) ইসির উপসচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সংবিধানের ৬৫(৩) অনুচ্ছেদ অনুযায়ী আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে সময়সূচি জারি করেছে নির্বাচন কমিশন।
চিঠিতে আরও বলা হয়, ‘জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪’-এর ধারা ২৯ অনুযায়ী গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ ও সংশ্লিষ্ট বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ এ নির্বাচনে প্রযোজ্য হবে। সে অনুযায়ী সাধারণ আসনের মতোই সংরক্ষিত নারী আসনের নির্বাচনেও ঋণখেলাপি ব্যক্তির অংশগ্রহণ ঠেকাতে সংশ্লিষ্ট বিধান কার্যকর থাকবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গত ২৯ ডিসেম্বরের নির্দেশনাও সংযুক্ত করা হয়েছে।
এতে বলা হয়, ২১ এপ্রিল বিকেল ৪টার পর মনোনয়নপত্র দাখিলকারীদের তথ্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ করবে। এরপর ২২-২৩ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র বাছাইয়ের আগেই ঋণখেলাপ সংক্রান্ত তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে সরবরাহ করতে বলা হয়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা দ্বারা যাচাই-বাছাই ২২ এপ্রিল থেকো ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ ১২ মে।
ইসি জানায়, সংরক্ষিত নারী আসনের বিএনপি জোট ৩৬টি আসন পাচ্ছে। অন্যদিকে জামায়াত জোট ১৩টি আর স্বতন্ত্ররা একটি আসন পাচ্ছে।
এমএইচএইচ/এএইচ