জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম
ঢাকা মেইলের সাবেক সহ-সম্পাদক, কবি ও কলাম লেখক হাবীব ইমনের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বাদ আসর রাজধানীর খিলগাঁওয়ে ইমনের বাসায় এই দোয়ার আয়োজন করে তার পরিবার। এতে হাবীব ইমনের পরিবার ও তার আত্মীয়-স্বজন ছাড়াও সহকর্মী, স্থানীয় মুসল্লি ও ব্যক্তিবর্গ অংশ নেন।
গত রোববার (৫ এপ্রিল) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক হাবীব ইমন। ওই দিন সকাল ৯টার দিকে বাসায় অসুস্থ হওয়ার পর দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে খিলগাঁও মসজিদুল আমান জামে মসজিদে বাদ জোহর প্রথম জানাজা শেষে গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদীতে দ্বিতীয় জানাজা ও দাফন সম্পন্ন হয়।
হাবীব ইমন ঢাকা মেইলের প্রতিষ্ঠালগ্নে সহ-সম্পাদক হিসেবে যোগ দেন। ২০২৩ সালের শেষ দিকে তিনি ঢাকা মেইল থেকে বিদায় নিয়ে ‘সংবাদপ্রকাশ’-এ যুক্ত হন।
সাংবাদিকতার পাশাপাশি ইমন একাধারে কবি ও সৃজনশীল লেখক হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে কলাম লেখক হিসেবে সমকালীন বিষয়ে তার বিশ্লেষণধর্মী লেখাগুলো পাঠকমহলে সমাদৃত ছিল।
এএম/ক.ম