images

জাতীয়

নৌ-পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পিএম

সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌ-পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সিলেট অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার ফাল্গুনী পুরকায়স্থ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত পৌনে ২টার দিকে টুকেরবাজার নৌ ফাঁড়ির পুলিশ নৌ টহল ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, তাহিরপুর থানার লাউড়ের ঘর খেয়াঘাট যাদুকাটা নদীর পূর্বপাড়ে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে।

সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন পালিয়ে যান। পরে নদীর পূর্বপাড় তল্লাশি করে ২টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বস্তা দুটিতে মোট ১০৫ বোতল ভারতীয় মদ ছিল। একটি বস্তায় ২৪ বোতল ‘এসি ব্ল্যাক’ (প্রতি বোতলে ৩৭৫ মিলিলিটার) এবং অপর বস্তায় ২৪ বোতল ‘অফিসার চয়েস’ (প্রতি বোতলে ৩৭৫ মিলিলিটার) ও একটি কার্টুনের ভেতরে ৫৭ বোতল ‘অফিসার চয়েস’ (প্রতি বোতলে ১৮০ মিলিলিটার) পাওয়া গেছে। এসব মদের মোট মূল্য অনুমান ৭৮ হাজার টাকা।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে নৌ-পুলিশ।

‎একেএস/এমআই