images

জাতীয়

বনানীতে গৃহকর্মীর চিরকুট নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল ২০২৬, ১১:৫৭ এএম

রাজধানীর বনানী এলাকায় একটি বাড়ির নিচে ‘আমাকে বাঁচান’ লেখা একটি চিরকুটকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। 

এ সময় ভয়ে ওই বাড়ির ভাড়াটিয়া এক বিদেশি বেরিয়ে আসলে ক্ষুব্ধ স্থানীয়রা তাকে বাড়ির মালিক মনে করে হেনস্তা করার চেষ্টা করে। এ ঘটনায় পুলিশ এসে ওই বিদেশি নাগরিক ও গৃহকর্মীকে উদ্ধার করে।

‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৪টায় বনানী বিটিসিএল কলোনী ৫ নম্বর সড়কের ৪২ নম্বর বাড়ির একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে।

‎পুলিশ জানায়, ওই বাড়ির একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হওয়া গৃহকর্মী হলো- শিউলি বেগম। তার শরীরে মারধরের চিহৃ পাওয়া গেছে। তবে, উদ্ধার হওয়া গৃহকর্মীর অ্যাপার্টমেন্ট থেকে তার গৃহকর্ত্রী সামেনা আলমকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, বাড়ির মালিক সন্দেহে স্থানীয়রা যে বিদেশি নাগরিকের ওপর চড়াও হয়েছে তার নাম খালিদ।

স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াহেদ মিয়া জানান, বৃহস্পতিবার বিকেলে কয়েকজন যুবক ও মহিলা বনানী ৫ নম্বর রোডের সামনে জড়ো হয়ে দেখেন বাড়ি থেকে ‘আমাকে বাঁচান’ লেখা একটা চিরকুট ফেলা হয়েছে। 

খবর পেয়ে বাড়ির সামনে জড়ো হতে শুরু করে স্থানীয়রা। ওই সময় বাড়ির নিচে মানুষের চিৎকার চেঁচামেচি শুনে এক দম্পতি নিচে নেমে আসে। তখন স্থানীয়রা তাদের ফ্ল্যাটে এমন ঘটনা ঘটেছে বলে তাদের আটক করে।

‎তিনি আরও বলেন, সাথে সাথে বনানী থানার কয়েকজন পুলিশ ঘটনাস্থলে এসে ওই দম্পতিকে উদ্ধার করে নিয়ে যায়। পরে আমরা জানতে পেরেছি তারা আসলে বিদেশি নাগরিক। এ সময় ওই বাড়ির ৫ম তলায় পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনের শিকার ওই গৃহকর্মীকে উদ্ধার করে গৃহকর্তীকে গ্রেফতার করে নিয়ে যায়।

‎এ ঘটনায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, গতকাল বনানী এলাকায় একটি বাড়িতে শিউলি নামে এক গৃহকর্মীকে মারধর ও নির্যাতন করা হচ্ছে এমন খবরে বাসিন্দারা গৃহকর্মীকে উদ্ধার করতে যায়। 

সে সময় এক বিদেশি নাগরিক ওই বাড়ি থেকে বের হলে তাকে বাড়ির মালিক ভেবে তার ওপর চড়াও হন স্থানীয়রা। পরে আমরা তাকে উদ্ধার করি। এছাড়াও, গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় আমরা ওই ভবনে গিয়ে শিউলি বেগম নামে এক গৃহকর্মীকে উদ্ধার করি। তার শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে।

‎তিনি আরও জানান, এ ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে গৃহকর্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় আমরা গৃহকর্ত্রী সামেনা আলমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।

‎একেএস/এএমআর