জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পিএম
আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। দলটির সফর উপলক্ষ্যে বাংলাদেশের ঢাকায় ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার এ উপলক্ষে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
সভাপতির বক্তব্যে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, নিউজিল্যান্ড ক্রিকেট টিমের খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করতে ভেন্যু, অনুশীলন স্থল, আবাসনস্থল, যাতায়াত রুটসহ সব জায়গায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। সার্বক্ষণিক স্ট্যান্ডবাই থাকবে সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম।
সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।
সমন্বয় সভায় সশস্ত্র বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তর, উত্তর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিপিডিসি, ওয়াসা, এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) এস.এন. মো: নজরুল ইসলাম; যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনাররাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমআইকে/ক.ম