জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯ এপ্রিল ২০২৬, ০৫:১২ পিএম
রাজধানীর মার্কেট ও দোকানের সামনে বা ফুটপাতে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।পাশাপাশি মালামাল সরিয়ে না নিলে ট্রেড লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে ডিএসসিসি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জারি করা এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব মালিকানাধীন/আওতাধীন বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহের সম্মুখে/ফুটপাতে বিভিন্ন প্রকার মালামাল রাখায়/ফুটপাত দখল থাকার কারণে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে।
এমতাবস্থায়, নিজ উদ্যোগে মালামাল অপসারণপূর্বক ফুটপাত দখলমুক্ত করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
অন্যথায় সংশ্লিষ্ট পক্ষের/দোকানের ট্রেড লাইসেন্স বাতিলসহ বিদ্যমান আইন ও বিধি-বিধান অনুযায়ী যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে ডিএসসিসি।
এএম/এমআই