নিজস্ব প্রতিবেদক
০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পিএম
আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এই সফরকে কেন্দ্র করে আসন্ন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
সভায় জানানো হয়, সফররত নিউজিল্যান্ড দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ভেন্যু, অনুশীলন মাঠ, হোটেল ও যাতায়াত রুটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও মোতায়েন থাকবে।
এ ছাড়া সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং ক্রাইম সিন টিম। পুরো আয়োজনজুড়ে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত কমিশনার বলেন, সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় আন্তর্জাতিক এই সিরিজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
সমন্বয় সভায় সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, স্বাস্থ্য অধিদপ্তর, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, ডিপিডিসি, ওয়াসাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার অপারেশনস মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। পরে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা তাদের মতামত ও সুপারিশ প্রদান করেন।
ডিএমপি সূত্র জানায়, দর্শক ও নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ম্যাচ চলাকালে প্রয়োজন অনুযায়ী ট্রাফিক ব্যবস্থাপনাতেও বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
একেএস/এআর