images

জাতীয়

বায়তুল মোকাররমের আশপাশের ফুটপাতে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পিএম

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের আশপাশে দখল করে থাকা ফুটপাত ও সড়কের ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে এই অভিযান শুরু হয়।

‎ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সম্পত্তি বিভাগের কর্মকর্তাদের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছেন। যানজট নিরসন ও পথচারীদের চলাচলের পথ সুগম করতেই এই উদ্যোগ। অভিযানের খবর আগেভাগে পেয়ে অনেক দোকানি তাদের মালামাল সরিয়ে নিলেও, বাকি থাকা অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকানগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

‎এদিকে বায়তুল মোকারম এলাকা ঘুরে দেখা গেছে, যেখানে প্রতিদিন ক্রেতা-বিক্রেতার ভিড়ে হাঁটা দায় হয়ে পড়ে, সেখানে এখন পুরো এলাকার ফুটপাতে কোনো দোকান নেই। সরিয়ে নেওয়া হয়েছে ফুটপাত ও সড়কের ওপর থাকা দোকানগুলো। কোন ভ্রাম্যমাণ দোকানের দেখা মিলছেনা। ফুটপাত উচ্ছেদের খবর আগে থেকে পেয়েই সরিয়ে নেওয়া হয়েছে দোকানপাট।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সিটি করপোরেশনের সম্ভাব্য উচ্ছেদ অভিযানের খবর ছড়িয়ে পড়তেই আগের দিন রাত থেকেই ফুটপাতের অস্থায়ী দোকান সরিয়ে নিতে শুরু করেন ব্যবসায়ীরা। কেউ কেউ তাদের পণ্য সামগ্রী গুছিয়ে অন্যত্র সরিয়ে নিয়েছেন, আবার কেউ পুরোপুরি ব্যবসা বন্ধ রেখেছেন।
 
এমন ঘটনায় স্থানীয় ও পথচারীরা অভিযোগ করে বলেন, এসব অভিযান স্থায়ী না হওয়ায় কিছুদিন পর আবার আগের অবস্থায় ফিরে যাবে ফুটপাত। আজকে অভিযানের খবরে সরিয়ে নিয়েছে ঠিকই সন্ধ্যার আগেই তারা আবার দখল করে দোকানপাট বসিয়ে ফেলবে। যদি সরকারের বা উচ্ছেদ অভিযানকারীদের সঙ্গে তাদের যোগাযোগ না থাকে। তাহলে কিভাবে তারা উচ্ছেদের খবর পায়।

‎এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

‎একেএস/এআরএম