images

জাতীয়

বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল ২০২৬ পাস

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ এপ্রিল ২০২৬, ১২:২৯ পিএম

বিদেশগামী কর্মীদের সুরক্ষা জোরদার ও বৈদেশিক কর্মসংস্থান খাতকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে জাতীয় সংসদে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক-এর পক্ষে প্রতিমন্ত্রী নুরুল হক বিলটি সংসদে উত্থাপন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অধিবেশনেই তা কণ্ঠভোটে পাস হয়।

নতুন এই আইনের মাধ্যমে বিদ্যমান ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’-এর বিভিন্ন ধারা সংশোধন ও আধুনিকায়ন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলোর একটি হিসেবে বিলটি পরবর্তীতে সংসদে উপস্থাপন করা হয় এবং এখন তা আইনে পরিণত হলো।

সংশোধিত আইনে বিদেশে কর্মসংস্থান প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

পাশাপাশি অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা নিশ্চিত করা, দালাল ও প্রতারণা চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, নিয়োগ প্রক্রিয়াকে আরও নিয়ন্ত্রিত ও ডিজিটাল পদ্ধতিতে পরিচালনার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

টিএই/এআরএম