নিজস্ব প্রতিবেদক
০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩১ এএম
ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আশুলিয়া ও সাভারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, আগামী ১০ এপ্রিল (শুক্রবার) সকাল ৮টা থেকে ১১ এপ্রিল (শনিবার) সকাল ৮টা পর্যন্ত আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এর আওতায় ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনী, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুত, ডেন্দ্রারবর, ভাদাইল, লতিফপুরসহ তৎসংলগ্ন এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া আশপাশের বিভিন্ন এলাকায় এ সময় গ্যাসের স্বল্পচাপও বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এমআর/এআরএম