নিজস্ব প্রতিবেদক
০৮ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটে প্রতিদ্বন্দ্বী প্রত্যেক প্রার্থীকে ২০ হাজার টাকা জামানত দিতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামাও দেওয়ার কথা বলেছে সংস্থাটি।
বুধবার (৮ এপ্রিল) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্র থেকে বিষয়টি জানা গেছে।
পরিপত্রে বলা হয়েছে, মনোনয়নপত্রের সঙ্গে ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্প অথবা কোর্ট ফির মাধ্যমে হলফনামা প্রস্তুতপূর্বক মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করতে হবে। এছাড়া মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি কর্তৃক নগদ ২০ হাজার টাকা জামানত বাবদ জমা দিতে হবে। অথবা মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি কর্তৃক ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা কোনো সরকারি ট্রেজারি বা সাব টেঙ্গারিতে জামানতের অর্থ নির্দিষ্ট কোডে জমা দেওয়ার রসিদ সংযুক্ত করতে হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা দ্বারা যাচাই-বাছাই ২২ এপ্রিল থেকে ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। ভোটগ্রহণ ১২ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা।
তফসিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনোনয়নপত্র আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিতে হবে।
সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের সংখ্যানুপাতের ভিত্তিতে জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র প্রার্থীদের জোট ১টি আসন পাবে।
এমএইচএইচ/ক.ম