images

জাতীয়

বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি, বিসিবি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পিএম

দেশের স্টার (তারকা) ক্রিকেটার তামিম ইকবালকে দিয়ে একটি অ্যাডহক কমিটি হয়েছে। আমরা এখানে বাপের দোয়া মায়ের দোয়া করি নাই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এর আগে সংসদে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়ে গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কীসের মধ্যে কী পানতা ভাতে ঘি। এই আলোচনায় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কীভাবে আসলো। অন্তবর্তীকালীন সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশের জেলা কমিটিতে প্রভাব বিস্তার করেছে। নিবন্ধিত ক্লাবগুলোতেও প্রভাব বিস্তার করা হয়েছে। একতরফাভাবে ক্রিকেট বোর্ডের বডি করা হয়েছিল। তার প্রেক্ষিতে বর্তমান গণতান্ত্রিক সরকার ক্রীড়া মন্ত্রীর নেতৃত্বে তিনি একটা ইনকোয়ারি বোর্ড করে দিলেন কী কী অনিয়ম হয়েছে তা বের করার জন্য। দেশের স্টার ক্রিকেটার তামিম ইকবালকে দিয়ে একটা অ্যাডহক কমিটি হয়েছে। আমরা এখানে বাপের দোয়া- মায়ের দোয়া করি না। আমরা এতদিন শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটি আছে।’

ক্রিকেট ইস্যুর পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের পেটুয়া বাহিনী জুলাই যুদ্ধে হানাদারদের মতো আচরণ করেছে। রাজপথেই তাদের ফয়সালা হয়ে গেছে। এখন বীর বিপ্লবীদের সাংবিধানিক ও আইনি সুরক্ষা দেওয়া আমাদের পবিত্র ঈমানী দায়িত্ব। এই সুরক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’

মানবাধিকার কমিশনকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, ‘বিগত সরকার একটি বালখিল্য আইন করে সময় নষ্ট করেছে। আমরা এমন এক শক্তিশালী কমিশন গঠন করছি যেখানে গুমের বিচার হবে সরাসরি আইসিটি অ্যাক্টে। যার সাজা হবে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড। গুমের ভিকটিমরা যাতে সরাসরি আদালতে বিচার পায়, সেই পথ আমরা পরিষ্কার করছি।’

বাংলাদেশ ব্যাংক ও বিশ্ববিদ্যালয়গুলোতে যারা দখলদারিত্ব চালিয়েছিল, তাদের সমালোচনা করে তিনি বলেন, বিগত সময়ে যারা বাংলাদেশ ব্যাংকে ঢুকে অর্থনৈতিক নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের কারণে আজ জাতি সাফার করছে। বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পেশিশক্তি খাটিয়েছে, তাদের আর ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, আমিনুল ইসলাম বুলবুলের কমিটি ভেঙে গত মঙ্গলবার (৭ এপ্রিল) তামিম ইকবালের নেতৃত্বে গঠিত হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি। এই কমিটি এখন গোটা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আলোচনার বিষয়। এই আলোচনা আজ জায়গা করে নিয়েছে জাতীয় সংসদের অধিবেশনেও।

এমএইচএইচ/এমআই