নিজস্ব প্রতিবেদক
০৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ পিএম
বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ৭ হাজার ৩০৯ জন।
বুধবার (৮ এপ্রিল) ইসির কর্মকর্তারা এমন তথ্য নিশ্চিত করেছেন।
ইসি কর্মকর্তারা জানান, নিবন্ধন সম্পন্নকারী ভোটারদের আবেদন অনুমোদনের পর বগুড়া-৬ আসনে ৩ হাজার ৭৩৬ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। যার মধ্যে প্রবাসী ১ হাজার ২৮১ জন ও দেশের ভেতরে ২ হাজার ৪৫৫ জন। অন্যদিকে শেরপুর-৩ আসনে ৩ হাজার ৫৭৩ জনের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। যার মধ্যে ৩৮৩ জন প্রবাসী ও দেশের ভেতরে ৩ হাজার ১৯০ জন। দুই আসনে মোট ৭ হাজার ৩০৯ জনকে ব্যালট পাঠিয়েছে ইসি।
কর্মকর্তারা আরও জানান, এখন পর্যন্ত বগুড়া-৬ আসনে ৩ জন প্রবাসী ও ৬১৬ জন দেশের ভোটারের পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তা কাছে এসেছে।
শেরপুর-৩ আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছে ১ প্রবাসীর ভোট। এবং দেশের ভেতরের ১ হাজার ২৪৫ জনের ভোট। ৯ এপ্রিল বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা পোস্টাল ভোট গ্রহণ করবেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী ৯ এপ্রিল সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এমএইচএইচ/এমআই