নিজস্ব প্রতিবেদক
০৭ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কাইজার সোহেল আহমেদকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা।
একই সঙ্গে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিমানের সাবেক কর্মকর্তা সৈয়দ মইন উদ্দিন আহমেদ। এ ছাড়া পরিচালক (ফিন্যান্স) পদে দায়িত্ব দেওয়া হয়েছে হাবিব উল্লাহ মনজুকে।
মঙ্গলবার (৭ এপ্রিল) পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত এই এয়ারলাইনটির শীর্ষ পদগুলোতে এসব নিয়োগ দেওয়া হয়।
এর আগে শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর বিমান বাংলাদেশের এমডি ও সিইও সাফিকুর রহমানের নিয়োগ গত ফেব্রুয়ারিতে বাতিল করে সরকার। এরপর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এমডি ও সিইও করা হয়।
গত কয়েক বছর ধরেই রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনটির শীর্ষ পদে ঘন ঘন পরিবর্তন দেখা গেছে। অন্তর্বর্তী সরকারের সময়ও এ পদে রদবদল হয়েছিল। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার দুই মাস পর আবার নতুন এমডি পেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আরও পড়ুন: আবারও বাড়ল জেট ফুয়েলের দাম
নতুন এমডি কাইজার সোহেল আহমেদ স্কোয়াড্রন লিডার হিসেবে বিমান বাহিনী থেকে অবসর নেন। পরে তিনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। বর্তমানে তিনি শেভরনের ফ্যাসিলিটিজ ইঞ্জিনিয়ারিং অ্যাস্যুরেন্স টিম লিড হিসেবে কর্মরত আছেন।
অন্যদিকে, নতুন ডিএমডি সৈয়দ মইন উদ্দিন আহমেদ ১৯৯৩ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যোগ দেন। পরে ২০০৭ সালে সহকারী ব্যবস্থাপক পদে থাকাকালে স্বেচ্ছায় অবসর নেন বলে জানিয়েছেন সংস্থাটির একজন কর্মকর্তা।
এআর