images

জাতীয়

রাষ্ট্রপতি এখনও মন্ত্রিসভার অনুমোদিত বক্তব্য দিতে বাধ্য হচ্ছেন: রুমিন

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম

রাষ্ট্রপতির ভাষণে প্রত্যাশিত স্বাধীনতা এখনও নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, জুলাই আন্দোলনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। রাষ্ট্রপতি এবারও তার নিজের বক্তৃতা দিতে পারেননি।

মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

রুমিন ফারহানা বলেন, জুলাই আন্দোলনের আগে ও পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সরকারি দল ও বিরোধী দল—সব পক্ষই এ বিষয়ে একমত ছিল। সেই প্রেক্ষাপটে আশা করা হয়েছিল, রাষ্ট্রপতি সংসদে নিজের মতো করে বক্তব্য রাখতে পারবেন। কিন্তু বাস্তবে তিনি এখনও মন্ত্রিসভার অনুমোদিত বক্তব্যই দিতে বাধ্য হচ্ছেন।

তিনি প্রশ্ন তুলেছেন, যদি রাষ্ট্রপতি স্বাধীনভাবে কথা বলতে না পারেন, তাহলে পরিবর্তনটা কোথায়? কাঙ্ক্ষিত সংস্কারের ক্ষেত্রে এটি একটি বড় ঘাটতি হিসেবে রয়ে গেছে।

নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বিএনপি তাকে দলীয় মনোনয়ন না দিয়ে বহিষ্কার করেছে। তবে এ জন্য দলটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, দলের বাইরে গিয়ে নির্বাচন করার কারণে আমি সারা দেশের মানুষের ভালোবাসা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি।

এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করে বলেন, তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

বক্তব্যে তিনি অর্থ পাচার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং এ বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এআর