images

জাতীয়

বিরোধী দলে মুক্তিযোদ্ধা নেই—প্রতিমন্ত্রীর দাবি নাকচ স্পিকারের

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পিএম

জাতীয় সংসদে বিরোধী দলেও মুক্তিযোদ্ধা রয়েছেন বলে স্পষ্টভাবে জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্য সংশোধন করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনের বৈঠকে এ ঘটনা ঘটে। স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয় এবং এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, সরকারি দলের বেঞ্চে বহু মুক্তিযোদ্ধা থাকলেও বিরোধী দলে কোনো মুক্তিযোদ্ধা নেই। এ সময় তিনি সরকারি দলের কয়েকজন সংসদ সদস্যের নাম উল্লেখ করে তাদের ‘প্রথিতযশা মুক্তিযোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করেন।

প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের পরপরই স্পিকার তাৎক্ষণিকভাবে সংশোধন করে বলেন, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। তিনি উদাহরণ হিসেবে সাতক্ষীরার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নাম উল্লেখ করে বলেন, আমি নিজেই রণাঙ্গনে তাকে দেখেছি। তিনি একজন মুক্তিযোদ্ধা।

স্পিকারের এই বক্তব্যের পর প্রতিমন্ত্রী তার বক্তব্য পুনরায় শুরু করেন। বক্তব্যে মীর শাহে আলম আরো বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান— এই তিনটি ঐতিহাসিক ধারা বিএনপি ধারণ করে চলেছে। তিনি দাবি করেন, এসব আন্দোলনের ‘ট্রফি’ এখন বিএনপির হাতেই রয়েছে।

জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, এ আন্দোলনের নেতৃত্বে ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন।

রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক এবং বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা বিএনপির রাজনৈতিক অবস্থানের প্রতিফলন।

এ ছাড়া সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি জানান, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইল সদরে নতুন কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হবে বলেও তিনি জানান।

টিএই/এফএ