images

জাতীয়

গ্রেফতার দেখানো হয়েছে শিরীন শারমিনকে, নেওয়া হচ্ছে আদালতে

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পিএম

রাজধানীর লালবাগ থানার দায়ের করা বৈষম্যবিরোধী একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীতে শিরীন শারমিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে লালবাগ থানার বৈষম্যবিরোধী একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

দুপুর সোয়া একটার দিকে ডিবি কার্যালয় থেকে তাকে আদালতের উদ্দেশে নেওয়া হচ্ছে।

ডিবির একটি সূত্রে জানা যায়, লালবাগ থানায় ১৭ জুলাই একটি হত্যাচেষ্টা মামলা (মামলা নং-৫) হয়। ওই মামলার তিন নাম্বার আসামি শিরীন শারমিন। তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় আদালতে তার রিমান্ডে চাওয়া হবে না।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে শিরীন শারমিনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর ডিবি কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এ দায়িত্বে ছিলেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক নেতা বিদেশে পালিয়ে গেলেও অনেকে দেশেই আত্মগোপনে থাকেন। এর মধ্যে অনেকে গ্রেফতার হন। সর্বশেষ গ্রেফতারের তালিকায় যুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী।

জুলাই গণ–অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন।

একেএস/এমআর