images

জাতীয়

পরিবেশ সংরক্ষণে দক্ষিণ এশীয় দেশগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টার তাগিদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ এপ্রিল ২০২৬, ০৯:১১ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম (এসএসিইপি)-এর মহাপরিচালক নরবু ওয়াংচুক। 

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে দক্ষিণ এশীয় দেশগুলোর বায়ু ও পানি দূষণ রোধ, প্লাস্টিক বর্জন, বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন।

তিনি জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী সরকার আগামী ৫ বছরে মোট ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার আওতায় প্রতি বছর ৫ কোটি করে গাছ লাগানো হবে। এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে বলেও তিনি মহাপরিচালককে অবহিত করেন। 

একইসঙ্গে তিনি বায়ুদূষণ, শব্দদূষণ ও সামুদ্রিক দূষণ মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে এসএসিইপি-এর সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

এসএসিইপি-এর মহাপরিচালক নরবু ওয়াংচুক বাংলাদেশের এসব উদ্যোগের প্রশংসা করেন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী সদস্য দেশগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

বৈঠকে উভয় পক্ষই দক্ষিণ এশিয়ার পরিবেশগত সুরক্ষায় আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় পরিবেশ মন্ত্রণালয় ও এসএসিইপি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিইউ/এমআই