নিজস্ব প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পিএম
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) ভারত সফরে যাচ্ছেন। বিএনপি সরকার গঠনের পর এটিই বাংলাদেশি কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে দুই দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু আলোচনায় স্থান পাবে। এর মধ্য দিয়ে প্রায় দেড় বছর ধরে ভারতের সঙ্গে সম্পর্কের জমাট বাঁধা বরফ কিছুটা হলেও গলবে বলে মনে করছে দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো।
পারস্পরিক সম্মান ও লাভের ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্য নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর ভারত যাচ্ছেন। ঢাকা এই সফরকে ‘শুভেচ্ছা সফর’ হিসেবে বর্ণনা করলেও কর্মকর্তারা জানিয়েছেন, এতে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে।
সফরকালে ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গেও তার আলাদা বৈঠকের কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা দিল্লির সঙ্গে পূর্বের কিছুটা টানাপোড়েন কাটিয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে সম্পর্ককে পারস্পরিক লাভজনক অবস্থানে নিতে চায়।
সফরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের মতো ব্যক্তিদের প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করবে ঢাকা।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ঊদ্ধৃতি দিয়ে সরকারি বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, ‘এটি সময়সাপেক্ষ হতে পারে, তবে আমরা তাদের দ্রুত প্রত্যার্পণ দেখতে চাই।’
আরও পড়ুন
একই বিমানে মরিশাসে যাচ্ছেন বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রী
‘হাসিনা অধ্যায় শেষ, তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগোবে’
বাসসের খবরে বলা হয়, বাংলাদেশ ভারতকে ভিসা সেবা পুরোপুরি পুনরায় চালুর বিষয়ে আরও ইতিবাচক অবস্থান নিতে অনুরোধ করবে, বিশেষ করে চিকিৎসা পর্যটনের সম্ভাবনা বিবেচনায়।
সীমান্ত ব্যবস্থাপনা আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হবে। সীমান্তে প্রাণহানি এড়াতে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেবে ঢাকা।
জ্বালানি সহযোগিতা, সীমান্তবর্তী বিদ্যুৎ বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়েও আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক সমন্বয় জোরদারের বিষয়ও আলোচনায় থাকবে।
পানি বণ্টন ইস্যু, বিশেষ করে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা চুক্তি এবং গঙ্গা পানি চুক্তি নবায়ন নিয়েও আলোচনা উঠবে।
বাণিজ্য সহজীকরণ, শুল্ক-বহির্ভূত বাধা কমানো এবং লজিস্টিকস উন্নয়নও আলোচ্য সূচিতে রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন। পরে তিনি মরিশাসে ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে যাবেন। ভারত সফরকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও তার সঙ্গে থাকবেন।
ভারত মহাসাগর সম্মেলন ১০ থেকে ১২ এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠিত হবে।
জেবি