নিজস্ব প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পিএম
সায়েদাবাদ বাস টার্মিনাল ও টিকাটুলি এলাকায় অভিযান চালিয়ে ২১টি অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন।
সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, সায়েদাবাদ বাস টার্মিনালের ভেতরে থাকা অবৈধ ২১টি দোকান ও স্থাপনা বুলডোজারের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান পরিচালনাকালে কোনো আর্থিক জরিমানা ও গ্রেফতার করা হয়নি।
এছাড়া সোমবার (৬ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর টিকাটুলি থেকে হাটখোলা এলাকায় অবৈধ দোকানপাট ও বাস কাউন্টারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগ।
এ অভিযানে এলাকার অবৈধ দোকানপাট সরিয়ে ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করা হয়েছে এবং অবৈধ বাস কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
একেএস/এএইচ