images

জাতীয়

রাজধানীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাসের অভিযান

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও তিতাস গ্যাস যৌথ অভিযান চালিয়েছে। এ সময় ১৬টি বাড়িতে থাকা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকার দুই নাম্বার রোডে অভিযানটি পরিচালনা করা হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, তিতাস গ্যাসের কিছু অবৈধ ব্যক্তির যোগসাজসে চক্রটি গভীর রাতে মোটা অংকের টাকা নিয়ে এসব সংযোগ দেয়। হয়তো টাকা না দেওয়ায় তাদেরই তথ্যের ভিত্তিতে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। স্থানীয়রা বলেন, এই চক্র যত লাইন কাটবে, ততই তাদের লাভ, পরে আবার নতুন সংযোগ দিয়ে অর্থ উপার্জন করে।

gas

অভিযানের বিষয়ে তিতাস গ্যাসের সেন্ট্রাল ভিজিলেন্স ম্যানেজার বিবেক চক্রবর্তী জানান, সকালে এনএসআই মোহাম্মদপুরের একতা হাউজিংয়ের দুই নাম্বার রোডে অবৈধ সংযোগের তথ্য জানায়। পরে যৌথ অভিযানে ১৬টি বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনি জানান, মোবাইল কোর্ট না থাকায় এসব ব্যবহারকারীর আর্থিক জরিমানা বা দণ্ড কার্যকর করা সম্ভব হয়নি। এই রোড ও হাউজিং এলাকায় আগেও বহুবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

একেএস/এআর