images

জাতীয়

মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী, খুলতে পারে শ্রমবাজার

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম

মালয়েশিয়ার শ্রমবাজার শিগগিরই খুলে দেওয়ার লক্ষ্যে আলোচনার জন্য বুধবার (৮ এপ্রিল) দেশটি সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, আমরা বুধবার মালয়েশিয়া যাচ্ছি। দেশটির মন্ত্রণালয় থেকে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে আলোচনার পরে কী হবে, সেটা সবাইকে জানানো হবে। আমরা চেষ্টা করব, শ্রমবাজার দ্রুত খোলার জন্য।

সোমবার (৬ এপ্রিল) মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শ্রমবাজারে সিন্ডিকেটের অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, আমরা কোনো সিন্ডিকেট বুঝি না, আমরা সবসময় সবার জন্য উন্মুক্ত রাখার চেষ্টা করি। আমরা যাচ্ছি, বিষয়টা নিয়ে আলোচনা হবে। দোয়া করুন, যাতে আমরা মুক্ত থাকতে পারি।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্য এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এর মধ্যে চারজনের লাশ আমরা গ্রহণ করেছি। একজনের লাশ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।

তিনি জানান, নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনকার্যের জন্য ৩৫ হাজার এবং নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ টাকা প্রদান করা হবে।

এআর