নিজস্ব প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২৬, ০৭:০১ পিএম
বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে বিশেষ ক্যাম্পেইন চালানো হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ ক্যাম্পেইন চালানো হবে। একই সঙ্গে কার্যকর কীটনাশক নির্ধারণে ল্যাবভিত্তিক পরীক্ষা করতে হবে।
সোমবার (৭ এপ্রিল) গুলশান নগর ভবনে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে মশক নিয়ন্ত্রণে গঠিত কারিগরি কমিটির এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, মশা নিধনে ভিন্ন ভিন্ন কীটনাশকের সমন্বিত ব্যবহার (কম্বিনেশন) একাধিক ল্যাবে পরীক্ষা করা হবে এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সভায় মশা নিধনে নতুন ও অধিক কার্যকর কীটনাশক নির্ধারণকে প্রধান এজেন্ডা হিসেবে আলোচনা করা হয়।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম বলেন, সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। তাই এখনই কার্যকর প্রস্তুতি গ্রহণ জরুরি।
তিনি উল্লেখ করেন, বর্তমানে লার্ভিসাইডিং কার্যক্রমে টেমিফস ব্যবহার করা হচ্ছে, তবে বিশ্বের কিছু দেশে এর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হয়েছে। নির্দিষ্ট মাত্রায় ওষুধ প্রয়োগ না হলে এই প্রতিরোধ দ্রুত বাড়তে পারে বলেও তিনি সতর্ক করেন। এ সময় তিনি বায়োলজিক্যাল কন্ট্রোল ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, নোভালিয়ন, ম্যালাথিয়ন ও টেমিফস— এই তিনটি কীটনাশকের সেমি-ফিল্ড, ফিল্ড ও ল্যাব পর্যায়ের পরীক্ষায় ম্যালাথিয়ন তুলনামূলকভাবে বেশি কার্যকর ফল দিয়েছে। বিকল্প হিসেবে বিটিআই ব্যবহারের সম্ভাবনাও বিবেচনার কথা জানান তিনি। পাশাপাশি ফগিং কার্যক্রম অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল দেয় না উল্লেখ করে এ পদ্ধতির ওপর নির্ভরতা কমানোর ওপর জোর দেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. বেনজির আহমেদ বলেন, মশা নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর উপায় হলো সোর্স রিডাকশন বা মশার প্রজননস্থল ধ্বংস করা। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক ড. গোলাম সারোয়ার, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত বিশেষজ্ঞ কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এএইচ/এফএ