নিজস্ব প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২৬, ০৫:০২ পিএম
হামের টিকা, জ্বালানি তেল এবং বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, ‘আপনি টিকা চাচ্ছেন, তেল চাচ্ছেন, আবার অ্যাট দ্য সেইম টাইম বিদ্যুৎ চাচ্ছেন। কোনো গভমেন্টের পক্ষেই এটা দেওয়া সম্ভব না।’- এমন মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান করেছেন দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি ডিজিটাল ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি। মূলত, কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে এই ভুয়া ও বানোয়াট মন্তব্য প্রচার করা হয়েছে।’
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেইজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
এসব অপতথ্য, বিশেষ করে বিগত অন্তর্র্বতী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
উল্লেখ্য, ‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
এএইচ