নিজস্ব প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পিএম
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে বিভিন্ন দেশের প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ সহিংসতায় বাংলাদেশি প্রবাসীরাও হতাহত হচ্ছেন। নিহত বাংলাদেশিদের পরিবারকে তাৎক্ষণিক নগদ সহায়তা ও অতিরিক্ত আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
সোমবার (৬ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে নিহত কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিবারকে দাফনের জন্য ৩৫ হাজার টাকা, তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা এবং পরবর্তীতে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
ব্রিফিংয়ে আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের মরদেহ দেশে আনা হয়েছে এবং একজনকে পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।
তিনি আরও বলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে নিহতদের পরিবারকে দাফনের জন্য ৩৫ হাজার টাকা এবং তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. এ টি এম মাহবুব-উল করিম।
এসএইচ/এআর