নিজস্ব প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ পিএম
বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনার জন্য চলতি মাসের শেষ দিকে চীনে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
রোববার (৫ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ সফর নিয়ে আলোচনা করেন।
জানা গেছে, রোববার বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত। সেখানে পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর নিয়ে আলোচনা হয়েছে। বেইজিং সফরের সময় তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করবেন।
এদিকে চলতি মাসে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্র সচিবদের মধ্যে ঢাকায় বৈঠক হওয়ার কথা থাকলেও একেবারে শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। ৩ এপ্রিল ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিবদের ১৪তম বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বৈঠকে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়ের তার দেশের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু তাকে পূর্ণাঙ্গ মন্ত্রী করার ফলে চীনের পক্ষ থেকে বৈঠকটি স্থগিত করার অনুরোধ জানানো হয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বেইজিং সফরের আগে ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিবদের ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কম।
এসএইচ/এফএ