জ্যেষ্ঠ প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২৬, ১১:৩৭ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ হয়।
রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন সরকারের সঙ্গে ভারতের উচ্চপর্যায়ের এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা এবং জ্বালানি সহযোগিতার মতো কৌশলগত বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রকল্পটি দ্রুত কার্যকর করার বিষয়ে দুই পক্ষই বিশেষ গুরুত্বারোপ করেছে। এই প্রকল্পটিকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচনা করছে বর্তমান সরকার।
ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অতীতের সমীকরণ বদলে গেছে এমন ইঙ্গিত দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের যে ধরনের সম্পর্ক ছিল, তার অধ্যায় এখন শেষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখন থেকে দুই দেশের মানুষের স্বার্থ, মর্যাদা এবং পারস্পরিক শ্রদ্ধাকে প্রাধান্য দিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।
বিইউ/এমআর