images

জাতীয়

অভিযানের পর সুযোগ বুঝে ফের ফুটপাতে হকাররা

মোস্তাফিজুর রহমান

০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পিএম

ঢাকা মহানগরীতে টানা পাঁচ দিন ধরে হকার উচ্ছেদ অভিযানে ফুটপাতগুলো দখলমুক্ত হলেও হকাররা সুযোগ বুঝে আবার বসে পড়ছেন।
ঢাকার ফুটপাতগুলো কয়েক দিনের জন্য হলেও খালি থাকলেও, হকাররা সুযোগ বুঝে আবার ফিরে বসে পড়েছেন

রোববার (৫ এপ্রিল) সকালে বায়তুল মোকাররম, দৈনিক বাংলা, ফকিরাপুল ও মতিঝিল এলাকার ফুটপাতে অভিযান চালানো হয়। দুপুরের পর ওই সব এলাকায় হকারদের আবার ব্যবসা করতে দেখা গেছে।

একই পরিস্থিতি গুলিস্তান ও আশপাশের এলাকায়ও দেখা গেছে। বিগত কয়েকদিনের অভিযানে অনেক ফুটপাত ফাঁকা থাকলেও অনেকে আবার সুযোগ বুঝে বসে পড়েছেন।

1

অভিযানের খবর পেয়ে বায়তুল মোকাররম মসজিদের উত্তরপাশের ফুটপাতে বসানো দোকানগুলো আগেই বন্ধ করে চলে যান অনেক ব্যবসায়ী। তবে কয়েকজন দোকানদার অবস্থান করেছেন। যারা ছিলেন, তারা অভিযান শুরু হলে দোকান ছেড়ে দেন। কিন্তু অভিযান শেষ হলে ফিরে এসে দোকান খুলে মালপত্র সাজিয়ে ব্যবসা শুরু করেন।

এখানকার একাধিক হকার জানান, অভিযানের কারণে তারা স্বল্প পরিসরে দোকান চালাচ্ছেন। তবে অভিযান শেষ হলে পুরোপুরি ব্যবসা শুরু করবেন। কেউ কেউ মালপত্র গোছিয়ে রাখতেও দেখা গেছে। দৈনিক বাংলা এলাকায় জাতীয় ক্রীড়া পরিষদের সামনের ফুটপাতে এক ব্যবসায়ী বলেন, পরিস্থিতি বোঝা যাচ্ছে না।

শুনেছি আজই অভিযান শেষ। এখন শুনছি আরও কয়েকদিন অভিযান চলবে। এমন হলে ঠিকভাবে ব্যবসা করা যাবে না। তাই মালপত্র সরিয়ে বাড়ি চলে যাব। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার বসব।

সংখ্যা কম হলেও গুলিস্তানের ফুটপাত দখল হকারদের

গত বুধবার (১ এপ্রিল) প্রথম দিনের অভিযানে গুলিস্তান ও আশপাশের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত হয়। কিন্তু এরপর হকাররা একে একে ফুটপাতে বসতে শুরু করেন।

রোববার দুপুরে সরেজমিনে গুলিস্তান ও আশপাশের এলাকা পরিদর্শন করা হয়। সংখ্যায় কম হলেও প্রতিটি ফুটপাতেই হকাররা ব্যবসা চালাচ্ছেন। কোথাও কোথাও সড়ক দখল করেও বসে রয়েছেন তারা।

2

বায়তুল মোকাররমের সামনে থেকে গুলিস্তান মোড় পর্যন্ত দুইপাশের ফুটপাতেই হকারদের ব্যবসা চলছে। গুলিস্তান মোড় থেকে মাজার রোড পর্যন্তও হকাররা বসেছেন। অন্যান্য ফুটপাতগুলোতেও তাদের দেখা গেছে।

হকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা অভিযান শেষ হওয়ার অপেক্ষায় আছেন। অভিযান শেষ হলে ব্যবসার পরিসর বাড়ানোর পাশাপাশি অন্যরাও এসে বসবেন।

গুলিস্তান ফ্লাইওভারের নীচে কয়েকজন হকার জুতার ব্যবসা চালাচ্ছেন। একজন বলেন, এক-দুদিনের মধ্যে তারা আগের মতো পুরোপুরি ব্যবসা শুরু করবেন।

7

ফুলবাড়িয়া মার্কেটের সামনেও হকারদের ব্যবসা দেখা গেছে। এই এলাকায় গত বৃহস্পতিবার অভিযান চালিয়েছে ডিএমপি ট্রাফিক লালবাগ জোন।

জোনটির মিডিয়া সার্জেন্ট অফিসার জসিম উদ্দিন ঢাকা মেইলকে বলেন, অভিযান চলমান থাকবে। ফুটপাতে কেউ বসতে পারবেন না।

ডিএমপি ট্রাফিক বিভাগের জোনগুলো ১ এপ্রিল থেকে পৃথকভাবে এই অভিযান চালাচ্ছে। গণমাধ্যমে পাঠানো শিডিউল অনুযায়ী, রোববারই অভিযান শেষ হবে।

অভিযানকালে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা জানান, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের দুর্ভোগ কমাতে অভিযান চলবে।

এএম/এআর