নিজস্ব প্রতিবেদক
০৫ এপ্রিল ২০২৬, ০৪:২০ পিএম
বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি অপরাধ দমন ও দ্রুত বিচার নিশ্চিতে চারজন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তারা মাঠপর্যায়ে আইন লঙ্ঘনের অভিযোগ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করবেন।
রোববার (০৫ এপ্রিল) ইসির আইন শাখা বিষয়টি নিশ্চিত করেছে।
নির্বাচন কমিশনের আইন শাখার উপ-সচিব মোহাম্মদ দিদার হোসাইন ইতোমধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছেন।
এতে বলা হয়েছে, বগুড়ার সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ও মো. কামাল হোসেন এবং শেরপুরের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ মিলন ও মো. হাসান ভূইয়াকে ভোটের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। তারা গণপ্রতিনিধিত্ব আদেশ ও দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের ১৯০ সেকশন অনুযায়ী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে দ্রুত বিচার করবেন। একই সঙ্গে প্রতিবেদন কমিশনের পাঠাবেন। তারা ৭ থেকে ১১ এপ্রিল দায়িত্ব পালন করবেন।
এদিকে দুই আসনের ভোটে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারকরাও একই পদ্ধতিতে বিচার করতে পারবেন। তারা মাঠে রয়েছে। অন্যদিকে নির্বাচনি আচরণ প্রতিপালন নিশ্চিতে মাঠে রয়েছে ২০ নির্বাহী ম্যাজিস্ট্রেটও। তারা বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করতে পারবেন।
এমএইচএইচ/এএস