নিজস্ব প্রতিবেদক
০৪ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযানের চতুর্থ দিন ছিল শনিবার (৪ এপ্রিল)। এ দিন তিন লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা ও ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক লালবাগ বিভাগ কোতয়ালী ট্রাফিক জোনের নর্থ সাউথ রোড, বংশাল ও নয়াবাজার এলাকায় পরিচালিত অভিযানে আইন অমান্য করায় চারটি প্রতিষ্ঠান ও একজনকে সাত হাজার টাকা জরিমানা ও একজনকে গ্রেফতার করা হয় এবং সড়ক পরিবহন আইনে মামলা দেওয়াসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী জোনে গোলাপবাগ মোড় থেকে ধলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আইন অমান্য করায় ১৬ জন ব্যবসায়ীকে মোট ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।
এছাড়াও, ট্রাফিক রমনা বিভাগ সূত্রে জানা যায়, পান্থপথ থেকে গ্রীনরোড পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে পার্কিং করা বাইকের বিরুদ্ধে ৩৫টি ভিডিও মামলা ও ০৪ টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ৬২ হাজার টাকা জরিমানা এবং একজনকে গ্রেফতার করা হয়।
ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, সনি স্কয়ার ঈদগামাঠ, রাইনখোলা ও চিড়িয়াখানা রোড এলাকায় এলাকায় পরিচালিত অভিযানে ৪ টি দোকান ৬৭ হাজার টাকা জরিমানা, একজনকে গ্রেফতার, ৪ জনের নিকট মুচলেকা গ্রহণ, অন্যান্য ধারায় ৪টি ও ৪টি ভিডিও মামলা করা হয় এবং এবং অন্যদের সতর্ক করা হয়।
ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, মালিবাগ রেলগেট থেকে রামপুরা ব্রীজ পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ৩০ টি দোকানে মোট ১ লক্ষ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।
এছাড়া ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, টাউনহল, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও বসিলা এলাকায় অবৈধভাবে দখল করা ফুটপাত ও সড়ক থেকে মালামাল অপসারণে অভিযান পরিচালনা করে ০৩ টি দোকানে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
ট্রাফিক গুলশান বিভাগ সূত্রে জানা যায়, মহাখালী কাঁচাবাজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৯টি দোকানকে সর্বমোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ট্রাফিক উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, অবৈধভাবে ফুটপাত দখল করে ৫০ টি দোকানে অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করা হয় এবং একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যদের সতর্ক করা হয়।
একেএস/ক.ম