images

জাতীয়

রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে শিক্ষার্থীর মৃত্যু

০৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিক্ষার্থী মারা গেছে। মৃত সাকিবুল হাসান (১৪) রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

আজ শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে পুকুরে তলিয়ে যায় সাকিবুল। পরে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় পৌনে ২টার দিকে সাকিবুল মারা যায়। 

হাসপাতালে সাকিবুল হাসানের বাবা আবদুল করিম জানান, তাদের বাসা শান্তিবাগ এলাকায়। সাকিবুল রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়ত। এক ভাই, এক বোনের মধ্যে সাকিবুল ছিল বড়।

আবদুল করিম বলেন, আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাকিবুল তার মাকে খেলার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর বন্ধুদের মাধ্যমে জানতে পারি রাজারবাগ পুলিশ লাইনসের ভেতরে বড় মসজিদের পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে গেছে। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাকিব।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সাকিবুলের মরদেহ মর্গে রাখা হয়েছে। 

ক.ম/