images

জাতীয়

ভাতের হোটেল থেকে কিস্তিতে নিতেন চাঁদা, বিএনপি নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল ২০২৬, ১২:৫০ এএম

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ভাতের হোটেলের এক ব্যবসায়ী থেকে কিস্তিতে চাঁদা আদায় চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২। এর আগে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ওই ব্যবসায়ী পরিবারসহ আত্মহত্যা করতে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া চাঁদাবাজ জাকির হোসেন। তিনি শেরেবাংলা নগর থানার ২৮ নম্বর ওয়ার্ড শিশু মেলা ইউনিটের বিএনপির সাধারণ সম্পাদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আলমগীর আগারগাঁও এলাকায় বিএনপি বস্তিতে দীর্ঘদিন ধরে ভাতের হোটেলের ব্যবসা করেন। স্থানীয় চাঁদাবাজ জাকির হোসেন ও লিটন ভয়ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চাঁদা দাবি করেন। তারা বিভিন্ন সময় কয়েক কিস্তিতে মোট ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা নেন।

চাঁদাবাজ জাকির, লিটন ও তাদের সহযোগীরা প্রায়ই ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে তার হোটেলে বাকি টাকায় খাবার খেয়ে চলে যেতেন। গত ৩০ এপ্রিল বিকেলে গ্রেফতারকৃত জাকির ও তার সহযোগীরা ভুক্তভোগীর হোটেলে এসে ভয়ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে পুনরায় আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে ভুক্তভোগী আতঙ্কিত হয়ে আসামিকে আরও ৫০ হাজার টাকা সমিতি থেকে কিস্তি তুলে এনে দেন।

এই ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবার ভয়ে আতঙ্কিত হয়ে নিজেদের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন। পরে ভুক্তভোগী শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

এ ঘটনার পর র্যাব-২ গোপন তথ্যের ভিত্তিতে মামলার এজাহারনামীয় প্রথম আসামি জাকিরকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে গ্রেফতার করে। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসকেএস/এমআই