নিজস্ব প্রতিবেদক
০২ এপ্রিল ২০২৬, ১০:০৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করায় সকল রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সিইসির দপ্তর সূত্রে বিষয়টি জানা যায়।
সূত্র জানায়, প্রথম ধাপে সকল রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ৬৪ জেলার জেলা নির্বাচন কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন। ধাপে ধাপে ভোটের কাজের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানাবেন সিইসি।
ধন্যবাদপত্রে সিইসি জানান, গত ১২ ফেব্রুয়ারি বিপুলসংখ্যক ভোটার ও অংশীজনের সম্পৃক্ততায় অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এ নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ছিল দুই হাজারের অধিক। ভোট গ্রহণকারী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় সাড়ে ১৭ লাখ কর্মী এই নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। সারাদেশে প্রায় সাড়ে ৪২ হাজার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল প্রকাশের মতো জটিল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে সংশ্লিষ্ট সকলের সার্বিক সমন্বয় ও পেশাদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই মহৎ দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার নিষ্ঠা, পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়িত্ববোধ বিশেষভাবে প্রশংসার দাবিদার।
তিনি আরও জানান, নির্বাচনি প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক সমন্বয়, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ভোটারদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ সৃষ্টিতে আপনার গুরুত্বপূর্ণ অবদান নির্বাচনকে সাফল্যের উচ্চতায় পৌঁছে দিয়েছে। আপনার এবং আপনার সহকর্মীদের কর্মতৎপরতা ও ইতিবাচক মনোভাব জাতির গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সিইসি জানান, নির্বাচনে আপনার এই মূল্যবান অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতেও দেশের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে আপনার একইরূপ নিষ্ঠা ও সহযোগিতা অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত সাফল্য কামনা করছি।
জানা যায়, ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার জেলা প্রশাসক ডিসি এবং তিনজন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাসহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিলিয়ে মোট ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছিল। অন্যদিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ছিলেন ৫৯৮ জন।
এ ছাড়া এ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছিল। ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোটে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনী দায়িত্ব পালনে প্রায় ৮ লাখ কর্মকর্তা নিয়োজিত ছিলেন।
এমএইচএইচ/এআর